টেকসই জাতীয় অগ্রযাত্রায় জনমিতির সূচক ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার তাগিদ
মোহাম্মদ মঈনুল ইসলাম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
আয়তনের দিক থেকে বিশ্বে ৯৩তম এবং এশিয়ায় ২৬তম হলেও প্রায় ১৮ কোটি মানুষের আবাসস্থল বাংলাদেশ বৈশ্বিক তালিকায় অষ্টম জনবহুল দেশ হিসেবে পরিচিত। অতি ঘনবসতিপূর্ণ এই ভূখণ্ডের উন্নয়ন ভাবনায় জনসংখ্যার গুণগত ও পরিমাণগত দিক এবং ভবিষ্যৎ রূপরেখা সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে কতটা অগ্রাধিকার পাচ্ছে, তা নিয়ে আলোচনা জরুরি। আগামী এক দশকে জনসংখ্যার গতিপ্রকৃতি কেমন দাঁড়াবে এবং এ বিষয়ে জাতীয় জনসংখ্যা নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট ২৮টি মন্ত্রণালয় কতটা সমন্বিত ভূমিকা রাখছে, তার ওপর নির্ভর করবে অর্থনৈতিক গতিশীলতা। জনসংখ্যা কাঠামো, জন্ম ও মৃত্যুর হারের ওঠানামা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন, দ্রুত নগরায়ণ, প্রযুক্তির প্রসার ও জলবায়ু সংকটের মতো বিষয়গুলো টেকসই অগ্রযাত্রার মূল নিয়ামক হয়ে উঠেছে।
জন্ম ও মৃত্যুর হার হ্রাস পাওয়ায় দেশ এখন জনমিতিক রূপান্তরের তৃতীয় ধাপে অবস্থান করছে। এর ফলে আগামী দশকের মাঝামাঝি সময়ে প্রথম জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ঘরে তোলার এক অনুকূল ক্ষেত্র তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের গবেষকদের চীনের অভিজ্ঞতাকেন্দ্রিক সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, ২০৩৬ সাল পর্যন্ত দেশে নির্ভরশীলতার হার সর্বনিম্ন পর্যায়ে থাকবে। ওই সময় নাগাদ বাংলাদেশের জনসংখ্যা আনুমানিক ২০ কোটিতে পৌঁছাবে, যার মধ্যে প্রায় সাড়ে ১১ কোটি বা মোট জনসংখ্যার ৬৬ দশমিক ৫৭ শতাংশই থাকবে ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম শ্রেণির অন্তর্ভুক্ত।
বিপুল এই যুব ও শ্রমশক্তিকে সময়মতো উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করা না গেলে তা জনমিতিক বোঝায় পরিণত হওয়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে। প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্যসেবা, কারিগরি ও ডিজিটাল দক্ষতা এবং কর্মসংস্থানের যথাযথ সুযোগ তৈরি না হলে উচ্চ বেকারত্ব ও সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। চীনের সফল অভিজ্ঞতার আলোকে মানবপুঁজি গঠন, শিক্ষা ও স্বাস্থ্যে ধারাবাহিক বিনিয়োগ, বৃত্তিমূলক প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে আগামী এক দশকে দেশে প্রবীণ মানুষের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। বর্তমানে এ দেশের জনসংখ্যার প্রায় ৭ শতাংশ বা ১ কোটি ২০ লাখ মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি। আগামী ২০২৭ সালেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ‘এইজিং সোসাইটি’ বা প্রবীণ সমাজে পরিণত হতে যাচ্ছে। ২০৩৬ সালে মোট জনগোষ্ঠীর ১২ দশমিক ২৬ শতাংশের বেশি হবে ৬০ ঊর্ধ্ব এবং ৮ দশমিক ৫২ শতাংশ হবে ৬৫ বছরের বেশি। এ বাস্তবতায় দীর্ঘমেয়াদি পরিচর্যা, জেরিয়াট্রিক স্বাস্থ্যসেবা এবং টেকসই পেনশন ব্যবস্থা গড়ে তুলে দ্বিতীয় জনমিতিক লভ্যাংশের প্রস্তুতি এখনই শুরু করতে হবে।
আগামী দশকের জন্য বিশেষজ্ঞরা তিনটি দৃশ্যপট তুলে ধরেছেন—সফল জনমিতিক লভ্যাংশ অর্জনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, দক্ষতার ঘাটতি ও বৈষম্যযুক্ত অসম প্রবৃদ্ধি, অথবা কর্মসংস্থানের সংকট ও জলবায়ুজনিত স্থানান্তর মোকাবিলার অপ্রস্তুতিতে সৃষ্ট চরম অর্থনৈতিক চাপ। এই পরিস্থিতি মোকাবিলায় বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্ব রোধ, নির্ভরযোগ্য জনমিতিক তথ্য ব্যবহার, পরিকল্পিত নগরায়ণ এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। তাঁর মতে, আগামী দিনের সামগ্রিক পরিকল্পনা ও জাতীয় বাজেটে জনমিতিক বিশ্লেষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার।





আপনার মতামত লিখুন