রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টার সময় এ এন এম আয়াস নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব হিসেবে দায়িত্বরত আছেন। শনিবার দুপুরে শাহবাগ থানা-পুলিশ তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক প্রথম আলোকে জানান, শিল্পকলার সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার অভিযোগে আয়াস নামের ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এর আগে ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত অবৈধ দখলমুক্ত করার পদক্ষেপ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরবর্তী সময়ে ওই এলাকার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও সত্যজিৎ রায়সহ শিল্প-সংস্কৃতিতে ভূমিকা রাখা ১০ বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। এ ছাড়া সীমানাপ্রাচীর মেরামত, পথচারীদের বিশ্রামের নিমিত্তে বেঞ্চ স্থাপন এবং নতুন ডাস্টবিন যুক্ত করে পথচারীদের চলাচলের জন্য ফুটপাতটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।