আটকের প্রায় চব্বিশ ঘণ্টা পর আদালতের আদেশে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা দিয়ে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি ভারতের জন্য একটি অস্বস্তির কারণ। তিনি আরও মন্তব্য করেন, ভারত এর আগে এত বড় ভীরু ও অত্যাচারী শাসক কখনোই দেখেনি।
এর আগে শনিবার যন্তর মন্তরে দলের পূর্বনির্ধারিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি আসেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। তবে দিল্লিতে নামার পর এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকেই দিল্লি পুলিশ তাঁদের আটক করে। পরবর্তী সময়ে রোববার নয়াদিল্লির দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমীপে হাজির করার পর শর্ত সাপেক্ষে দিপকে, রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি প্রদান করা হয়।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে সিজেপির আন্দোলনকে কেন্দ্র করে শনিবার ব্যাপক ধরপাকড় চালানো হয় এবং প্রায় ৭ হাজার মানুষকে আটক করা হয়। তা সত্ত্বেও দলটি রোববারও বিক্ষোভ জারি রাখার ডাক দিয়েছে। দিপকে আটক থাকাকালে দলের নেতৃত্বের ভার পাওয়া অজিঙ্কা শিন্ডে স্পষ্ট জানান, আন্দোলন প্রত্যাহারের কোনো সুযোগ নেই এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রোববার পুনরায় যন্তর মন্তরে গিয়ে অবস্থান নেওয়ার প্রয়াস চালাবেন। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় সময় রোববার দুপুর দুইটায় সিজেপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।