বগুড়ার কাহালু উপজেলায় দেশের সর্বপ্রথম কমিউনিটিভিত্তিক কৃষিপর্যটন উদ্যোগ ‘সুখের খামার এগ্রো ভিলেজ’-এর নির্মাণকাজের শুভ সূচনা হয়েছে। শনিবার উপজেলার বাগইল গ্রামের বাঁকাদীঘির পাড়ে প্রকল্প এলাকায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মযজ্ঞের উদ্বোধন ঘোষণা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আবদুল মজিদ প্রামাণিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাহালুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মনিয়া খানম, কাহালু থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল মালেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস। এছাড়া অন্যান্যের মধ্যে সুখের খামার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. তাসদীখ হাবীব ও ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইসলাম উপস্থিত ছিলেন।
প্রকল্পের সম্ভাবনার কথা উল্লেখ করে সুখের খামার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. তাসদীখ হাবীব বলেন, কৃষকের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাওয়া দেশের কৃষির এক প্রধান সংকট। এ ক্ষেত্রে কৃষিপর্যটন নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, যেখানে কৃষকরা পর্যটকদের কাছে শুধু পণ্য নয়, কৃষিকাজের অভিজ্ঞতাও তুলে ধরবেন। স্মার্ট কৃষির মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি সম্ভব এবং সেই লক্ষ্যকেই বাস্তবে রূপ দিচ্ছে ‘সুখের খামার’। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইসলাম জানান, বছরখানেক আগের দেওয়া প্রতিশ্রুতি আজ বাস্তবায়িত হচ্ছে এবং এই উদ্যোগের ফলে গ্রামটিতে এক কোটি টাকার নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা হয়েছে।
এর আগে চলতি বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬–এ প্রকল্পটির নকশা প্রকাশ করা হয়েছিল। সে সময় দেড় শতাধিক অংশীদারের হাতে প্রকল্পটির দলিল হস্তান্তর করা হয়।