নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া এই আগুনে ব্যাংক ভবনের বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও বেশ কিছু কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ প্রথম আলোকে জানান, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তিনি আরও জানান, ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান সে সময় ছুটিতে ছিলেন। তাঁর পরিবর্তে দায়িত্বরত ব্যক্তি আগুন জ্বলতে দেখে দ্রুত আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আজ বুধবার বেলা ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে কয়েকটি খালি বোতল পড়ে থাকতে দেখা গেছে। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে বলেই প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।