‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ নামের পার্কে দাঁড়িয়ে নদীর পানে চোখ মেললেই স্মরণে আসে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গানের পঙ্ক্তি—‘কত যে ধীরে বহে মেঘনা/ শান্ত তবু সুপ্ত সে নয়।’ মেঘনার বয়ে চলা শান্ত ও গভীর রূপ এবং তার মুক্ত বাতাসের পরশ যে কারও হৃদয়কে প্রশান্ত করে দেয়।
ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের পাড়ে গড়ে ওঠা ‘শিল্পাচার্য জয়নুল উদ্যান’-এর মতোই এই পার্কেও দর্শনার্থীরা ভিড় জমান নদীর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে। পাশাপাশি এখানকার ভ্রমণপিপাসুদের বাড়তি আকর্ষণ হিসেবে জুটে যেতে পারে মেঘনার টাটকা ইলিশের স্বাদ নেওয়ার সুযোগ।