রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট ও কাব কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ স্কাউটসের একটি প্রতিনিধিদল। গত মঙ্গলবার দুপুরে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষার্থীদের বর্ণাঢ্য অভ্যর্থনা এবং ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে তাঁদের বরণ করে নেওয়া হয়।
পরিদর্শন পর্ব শেষে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ স্কাউটসের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মোছা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘এই বিদ্যালয়ের স্কাউট সদস্যদের পরিপূর্ণ পোশাক, শৃঙ্খলা ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীরা যাতে পিএস ও শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।’
দিনব্যাপী এই আয়োজনের প্যাক ও ট্রুপ মিটিংয়ে উপস্থিত ছিলেন আঞ্চলিক উপ-কমিশনার হেলাল উদ্দিন শেখ নাসিম, উপজেলা স্কাউটের সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস এবং শিক্ষক লুইশ মুর্মুসহ অন্যান্য শিক্ষক ও স্কাউট কর্মকর্তাবৃন্দ। বক্তারা আলোচনায় উল্লেখ করেন, অল্প সময়ের মধ্যেই বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট দল উপজেলা ও জেলা পর্যায়ে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। এ ছাড়া আগামী ৩০ অক্টোবর নাটোরে অনুষ্ঠিত হতে যাওয়া সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে দলটির অংশ নেওয়ার কথা জেনে অতিথিরা আনন্দ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনা ও দলগত ছবি তোলার মাধ্যমে দিনব্যাপী আয়োজনের ইতি ঘটে।