রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিত্রশিল্পী সাইদা কামাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি প্রয়াত কবি সুফিয়া কামালের কন্যা এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি সংস্থা ‘আমরাই পারি’র চেয়ারপারসন সুলতানা কামালের ছোট বোন। সুলতানা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন নানা ধরনের শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করছিলেন সাইদা কামাল। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় এবং সেখানেই তাঁর জীবনাবসান ঘটে। ব্যক্তিগত জীবনে তিনি বিদেশে অবস্থান করা এক কন্যাকে রেখে গেছেন।
সাইদা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পড়াশোনা শেষ করে শান্তিনিকেতনের কলাভবন থেকে নকশার ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি নিজস্ব শিল্পসৃষ্টির মাধ্যমে এ দেশের চারুশিল্প অঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। দেশ ও বিদেশের মাটিতে তাঁর বেশ কয়েকটি একক ও যৌথ চিত্রপ্রদর্শনী আয়োজিত হয়েছে। এ ছাড়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে সাইদা কামাল তাঁর বড় বোন সুলতানা কামালের সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাংলাদেশ ফিল্ড হাসপাতালে সেবা প্রদান করেন। স্বাধীনতা যুদ্ধে এই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র (CinC’s Special Commendation) অর্জন করেছিলেন।