চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রান্নার তৈজসপত্রের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৫৬৬ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ রোববার সকাল আনুমানিক সাড়ে ছয়টায় আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে আসা মোহাম্মদ কামরুল ইসলাম নামের ওই যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ জব্দ করা হয়। অভিযুক্ত কামরুল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, কাস্টমস হলে সন্দেহজনক আচরণের কারণে ওই যাত্রীকে নজরদারিতে নেওয়া হয়। পরবর্তীতে ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের সমন্বিত অভিযানে কামরুলের ব্যাগেজে থাকা ননস্টিক ফ্রাইপ্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিং যন্ত্র ও থালাবাসন রাখার স্ট্যান্ড তল্লাশি করা হয়। এসব গৃহস্থালি সামগ্রীর ভেতরে কৌশলে লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি সোনার দণ্ড পাওয়া যায়। এ ছাড়া তাঁর কাছে ১০০ গ্রাম ওজনের সোনার চুড়িও পাওয়া যায়।
বিমানবন্দরের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা সোনা বিমানবন্দর কাস্টমসের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান আইনে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত যাত্রীকে নগরীর পতেঙ্গা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।