ভ্রমণপিপাসু হিসেবে পরিচিত ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম পূজার ছুটিতে দারুণ সময় কাটাচ্ছেন। গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন তিনি, যেখানে তাঁকে ছুটি কাটানোর ফুরফুরে মেজাজে দেখা গেছে। ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ ষষ্ঠী’। পোস্ট করার মাত্র ২৬ মিনিটের মধ্যেই তাতে এক হাজার প্রতিক্রিয়া পড়ে এবং মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তাঁকে শারদীয় শুভেচ্ছা জানান।
প্রকাশিত ছবিগুলোতে মিমের সঙ্গে ছিলেন তাঁর স্বামী সনি পোদ্দার ও পরিবারের অন্যান্য সদস্যরা। সেখানে তাঁদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দেখা গেছে জনপ্রিয় সংগীতশিল্পী কনাকেও। কাজের ক্ষেত্রে মিমকে সর্বশেষ দেখা গেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ। এর আগে গেল পবিত্র ঈদুল আজহায় তাঁর অভিনীত ‘মালিক’ ছবিটি মুক্তি পেয়েছিল।