ফুটবলসম্রাট পেলের প্রয়াণ ঘটেছে ২০২২ সালে, তবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে তাঁর প্রভাব আজও চিরভাস্বর। বাংলাদেশে তাঁর অগণিত ভক্তদের কাতারে রয়েছেন খেলাধুলাভিত্তিক অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স বাংলাদেশ (শি)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন ফারহানা চৌধুরী। ১৯৪০ সালের ২৩ অক্টোবর জন্ম নেওয়া পেলের জন্মদিন উপলক্ষে রোববার প্রথম আলো কার্যালয়ে উপস্থিত হন তিনি। সেখানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের সঙ্গে কুশল বিনিময়ের পর প্রথম আলোতে কর্মরত ব্রাজিল ভক্তদের সঙ্গে নিয়ে কেক কাটেন শারমিন। ফুটবল রাজাকে স্মরণ করে তিনি জানান, তাঁর গভীর আবেগের সঙ্গে পেলের নাম জড়িয়ে রয়েছে, যা তিনি আজীবন হৃদয়ে ধারণ করবেন। শারমিনের সঙ্গে সেদিন উপস্থিত ছিলেন শির ক্রীড়া উন্নয়নপ্রধান পাপ্পু লাল মোদক।
খেলাধুলার শক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের প্রত্যয়ে ২০১৬ সালে ‘শি’ গড়ে তোলেন শারমিন ফারহানা চৌধুরী। সংগঠনটির প্রধান লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত, প্রান্তিক শিশু, নারী-পুরুষ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে খেলার মাঠে ফিরিয়ে আনা, তাঁদের সক্ষমতা বাড়িয়ে আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখা। ঢাকা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম, বাগেরহাট, গোপালগঞ্জ, গাইবান্ধা, শ্রীমঙ্গল ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের নানা প্রান্তে কাজ করছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালে শির বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশ নিয়েছে মোট ৫ হাজার ১৯২ জন, যার মধ্যে রয়েছে ২ হাজার ৪৮৭ জন কিশোরী ও প্রাপ্তবয়স্ক নারী এবং ৪৫৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তি।
প্রতিষ্ঠানটির হাত ধরে প্রশিক্ষণ পেয়ে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে শ্রীমঙ্গলের ১৩ বছর বয়সী কিশোরী চৈতী রানি দেব। মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি উচ্চতার চৈতী গত বছরের ডিসেম্বরে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক অর্জন করে, যা প্যারা গেমসের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জয়ের রেকর্ড। এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে খেলোয়াড়দের সুযোগ তৈরি করে দিতে ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার সিউলে ৪০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হোমলেস ওয়ার্ল্ডকাপে বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা দেয় শি। এই আসরে খেলা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ প্রেন চং ম্রো বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন। পাশাপাশি সংগঠনটির আরও দুই ক্রীড়াবিদ আরিফ বিল্লাহ এবং খাইরুল আলম জাতীয় রাগবি দলে জায়গা করে নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিভা বিকাশের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এশিয়ার প্রথম নারী ও জুনিয়র অ্যাম্পুটি ফুটবল দল গঠনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ‘শি’। ক্রীড়াঙ্গন ও নারীর ক্ষমতায়নে এমন অনন্য অবদানের জন্য চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত প্রথম আলোর বিশেষ অনুষ্ঠানে সম্মাননা লাভ করেন শারমিন ফারহানা চৌধুরী।