বিশ্বরাজনীতির বিগত এক শতকের ঘটনাপ্রবাহ, ক্ষমতার রূপান্তর, আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনৈতিক পটপরিবর্তন পর্যালোচনার লক্ষ্যে পাঠচক্রের আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই আসর বসে। সেখানে প্রয়াত অধ্যাপক তারেক শামসুর রেহমানের বিখ্যাত গ্রন্থ ‘বিশ্বরাজনীতির ১০০ বছর’ নিয়ে বিশদ আলোচনা করা হয়।
পাঠচক্রে অংশ নেওয়া বক্তারা গ্রন্থটির বিভিন্ন দিক বিশ্লেষণের পাশাপাশি বর্তমান বৈশ্বিক রাজনীতি অনুধাবনে ইতিহাস চর্চার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা উল্লেখ করেন, বর্তমানের ভূরাজনীতি উপলব্ধি করতে হলে অতীতের যুদ্ধ, কূটনৈতিক চালচিত্র ও পরাশক্তিগুলোর ভূমিকার স্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক। এ ক্ষেত্রে গ্রন্থটি আন্তর্জাতিক রাজনীতির গতিপ্রকৃতি নতুন দৃষ্টিভঙ্গিতে বুঝতে পাঠকদের সহায়তা করে। সংগঠনটির সভাপতি জাহিদ হাসান বলেন, ‘বিশ্বরাজনীতিকে বুঝতে হলে শুধু বর্তমান ঘটনাপ্রবাহের দিকে তাকালে হবে না, ফিরে দেখতে হবে ইতিহাসের পথরেখা। গত এক শ বছরের রাজনৈতিক পরিবর্তন আমাদের শেখায়, আজকের পৃথিবী গড়ে উঠেছে বহু সংঘাত, সমঝোতা ও ক্ষমতার পুনর্বিন্যাসের মধ্য দিয়ে।’
সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘বিশ্বরাজনীতি কেবল রাষ্ট্র ও ক্ষমতার হিসাব-নিকাশ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন, অধিকার, অর্থনীতি ও ভবিষ্যৎ। এ ধরনের বই পাঠককে আন্তর্জাতিক ঘটনাগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করতে এবং ঘটনার অন্তর্নিহিত কারণ খুঁজতে সহায়তা করে।’ অন্যদিকে সাবেক সভাপতি সামিউল ইসলাম মন্তব্য করেন, ‘ইতিহাসের শিক্ষা হলো, কোনো ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে তার পূর্ণ তাৎপর্য বোঝা যায় না। বিশ্বরাজনীতির গত এক শ বছরের অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে নানা ঐতিহাসিক প্রেক্ষাপট ও স্বার্থের দ্বন্দ্ব।’ সাবেক সভাপতি নাবিলা জান্নাত বলেন, ‘বই পড়ার প্রকৃত সার্থকতা তখনই, যখন পাঠ থেকে নতুন প্রশ্ন তৈরি এবং ভিন্নমত ও দৃষ্টিভঙ্গিকে বোঝার সুযোগ সৃষ্টি হয়। এই পাঠচক্র বিশ্বরাজনীতি নিয়ে যুক্তিনির্ভর আলোচনা, চিন্তার আদান-প্রদান ও জ্ঞানচর্চার পরিসরকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করি।’
আলোচনা পর্ব শেষে কবি অ্যালেন সাইফুলের রচিত ‘সংসার’ কবিতাটি আবৃত্তি করে শোনান সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন ও বন্ধু মিশরী। এরপর উপস্থিত সবাই এক চা–চক্রে মিলিত হন। আয়োজনে আরও উপস্থিত ছিলেন বন্ধু মাহিন ফয়সাল, হাসান করিম ও শারাফাতসহ অন্য বন্ধুরা। পাঠচক্রটির বিবরণ পাঠিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক।