প্রবীণদের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিতে তাঁদের একাকিত্ব মোচনের বিকল্প নেই। এজন্য পারিবারিক ভালোবাসা ও সান্নিধ্যের পরিধি বাড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ বৃদ্ধি এবং তাঁদের জীবনলব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর ক্ষেত্র তৈরি করতে হবে। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব মতামত তুলে ধরেন আলোচকেরা। তাঁরা প্রবীণ ও নবীন প্রজন্মের মাঝে নিয়মিত যোগাযোগ ও মেলবন্ধনের ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে সমাজের তিনজন বরেণ্য ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন—জাতীয় অধ্যাপক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে আজাদ খান, বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এবং কৃষিবিজ্ঞানী জহুরুল করিম।
সম্মাননা গ্রহণ করে ডা. এ কে আজাদ খান বলেন, দেশে প্রবীণ মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাই তাঁদের অবহেলার কোনো সুযোগ নেই। প্রবীণদের দক্ষতা ও অভিজ্ঞতা সমাজের বড় সম্পদ, যা বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো দরকার। শুধু অর্থবিত্ত থাকলেই প্রবীণরা ভালো থাকেন না; তাঁদের মানসিক শক্তি জোগাতে পরিবারের সন্তানদের নৈকট্য ও স্নেহ অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সোসাইটির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, সহমর্মিতার মনোভাব নিয়ে প্রবীণবান্ধব সমাজের পাশাপাশি নারী ও শিশুদের উপযোগী পরিবেশও তৈরি করতে হবে। প্রবীণরা করুণার পাত্র নন, বরং শ্রদ্ধা ও ভালোবাসার দাবিদার। তরুণ ও প্রবীণদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় পক্ষই উপকৃত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
প্রবীণ জীবনের সংকট প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রচুর সম্পদ থাকার পরও অনেকে নিঃসঙ্গতায় ভোগেন। আবার এমন অনেকেই আছেন যাঁদের দেখভালের কেউ নেই, তাঁদের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা আবশ্যক। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগের চিকিৎসার জন্য দেশে বিশেষায়িত জেরিয়াট্রিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। একজন কৃষকের সন্তান হিসেবে আজীবন কৃষির সঙ্গে যুক্ত থাকতে পারায় গর্ব প্রকাশ করেন কৃষিবিজ্ঞানী জহুরুল করিম। তিনি উল্লেখ করেন, দেশে এখনো জ্যেষ্ঠ নাগরিকদের জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা ও নিরাপদ আশ্রয়ের বড় ঘাটতি রয়েছে। প্রবীণদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণের পাশাপাশি সোসাইটির কার্যক্রম গ্রামপর্যায়েও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক। এই আয়োজনকে ‘আলোকিত মানুষের সংবর্ধনা’ আখ্যা দিয়ে তিনি বলেন, স্বাধীনতার পর দেশে অবকাঠামোগত বহু অগ্রগতি হলেও প্রবীণদের কল্যাণে সংশ্লিষ্টদের যথেষ্ট অদক্ষতা ও সীমাবদ্ধতা দেখা যায়। তিনি এই ঘাটতি দূর করে জ্যেষ্ঠ নাগরিকদের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।