ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর তাদের রাজস্ব খাতের বিভিন্ন শূন্য পদ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে সহযোগী অধ্যাপক, কর্মকর্তা ও কর্মচারী পর্যায়ের ১৮টি ভিন্ন পদে সর্বমোট ৩৭ জন কর্মী নেওয়ার কথা জানানো হয়েছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি প্রার্থীরা আগামী ২ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
ঘোষিত পদগুলোর মধ্যে ৪ নম্বর গ্রেডে (বেতন স্কেল ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা) ৫ জন সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে; যার মধ্যে পুরকৌশল বিভাগে ২টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২টি ও ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ে ১টি পদ রয়েছে। এছাড়া ৯ নম্বর গ্রেডে (৪৪,০০০-১,০৫,৯০০ টাকা) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন টেকনিক্যাল অফিসার নেওয়া হবে। ১০ নম্বর গ্রেডে (৩২,০০০-৭৭,৩০০ টাকা) ৩টি পদে ৩ জন নিয়োগ পাবেন; যার মধ্যে রয়েছে পুরকৌশল বিভাগে ১ জন সহকারী টেকনিক্যাল অফিসার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন সহকারী সেকশন অফিসার এবং পদার্থবিজ্ঞান বিভাগে ১ জন জুনিয়র ইনস্ট্রাক্টর।
১৩ নম্বর গ্রেডে (২৪,০০০-৫৮,০০০ টাকা) মোট ৭ জন নেওয়া হবে। এর মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর ১ জন, আইসিটি সেলে ডাটা এন্ট্রি অপারেটর ১ জন এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (১টি), ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং (১টি), ফ্যাব ল্যাব (১টি) ও ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে (২টি) মিলিয়ে টেকনিশিয়ান/ল্যাব সহকারী/ল্যাব টেকনিশিয়ান/ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৫ জন অন্তর্ভুক্ত রয়েছেন। ১৫ নম্বর গ্রেডে (২২,৮০০-৫৫,২০০ টাকা) পরিচালক (যানবাহন) অফিসে ১ জন ড্রাইভার নেওয়া হবে। ১৬ নম্বর গ্রেডে (২১,৯০০-৫২,৯০০ টাকা) প্রকৌশল অফিসে ১ জন লিফটম্যান/অপারেটর ও ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট নিয়োগ পাবেন। ১৭ নম্বর গ্রেডে (২১,৪০০-৫১,৯০০ টাকা) উপাচার্যের দপ্তরে ১ জন মেসেঞ্জার পিয়ন ও প্রকৌশল অফিসে ১ জন পাম্প অপারেটর নেওয়া হবে।
বাকি পদগুলোর মধ্যে ১৯ নম্বর গ্রেডে (২০,০৫০-৪৯,৬০০ টাকা) পদার্থবিজ্ঞান বিভাগে ১ জন ল্যাব অ্যাটেনডেন্ট নিয়োগ দেওয়া হবে। এছাড়া ২০ নম্বর গ্রেডে (২০,০০০-৪৮,৪০০ টাকা) নেওয়া হবে মোট ১৫ জন কর্মী; যার মধ্যে পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অফিসে গ্রাউন্ডসম্যান ১ জন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, গণিত, সহ-উপাচার্যের দপ্তর ও ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অফিস সহায়ক ৪ জন, নিরাপত্তা শাখা (৪ জন), কাজী নজরুল ইসলাম হল (১ জন) ও শহীদ তাজউদ্দীন আহমদ হল (১ জন) মিলিয়ে নিরাপত্তা প্রহরী ৬ জন এবং নিরাপত্তা শাখা, রেজিস্ট্রার অফিসে পরিচ্ছন্নতাকর্মী পদে ৪ জন নিয়োগ পাবেন।
সহযোগী অধ্যাপক পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পিএইচডি ডিগ্রিসহ ৭ থেকে ১২ বছরের শিক্ষকতা বা পেশাগত অভিজ্ঞতা এবং নির্ধারিত প্রকাশনা থাকতে হবে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে) থাকা আবশ্যক। অন্যান্য পদের ক্ষেত্রে পদভেদে অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক উত্তীর্ণরা আবেদনের সুযোগ পাবেন; সঙ্গে প্রাসঙ্গিক অভিজ্ঞতা, ড্রাইভিং লাইসেন্স, কম্পিউটার বা ল্যাব প্রশিক্ষণ প্রযোজ্য হবে। ২ থেকে ১৮ নম্বর পদের প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে, তবে ডুয়েটে কর্মরত প্রার্থীদের বয়স ও বিভাগ বা শ্রেণি শিথিলযোগ্য।
আগ্রহীদের career.duetbd.org ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি বাবদ ১-৫ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৬-১১ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১২-১৮ নম্বর পদের জন্য ৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। সহযোগী অধ্যাপক পদের অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি, দুই কপি ছবি ও সনদের সত্যায়িত ১০ সেট পূর্ণাঙ্গ আবেদন আগামী ২ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে ‘রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর’ (শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের ৭০৪ নম্বর কক্ষের ডেসপাস শাখা) বরাবর সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। ২ থেকে ১৮ নম্বর পদের ক্ষেত্রে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথির ফাইল recruitmentduet@duet.ac.bd ঠিকানায় ২ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ই-মেইল করতে হবে। উল্লেখ্য, ২০২৬ সালের ৫ মে তারিখের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যাঁরা ২-৪, ৬, ৭, ৮ (ক, খ, গ), ৯, ১৫, ১৬ (ক, খ) নম্বর পদে আবেদন করেছিলেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।