টানা ছয় বলে কোনো রান না দেওয়া ক্রিকেটে কেবল একটি সাধারণ পরিসংখ্যান নয়, অনেক সময় তা প্রতিপক্ষের ওপর উইকেটের চেয়েও বেশি মানসিক চাপ তৈরি করে। সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটারদের বেঁধে রেখে সবচেয়ে বেশি মেডেন ওভার করার কৃতিত্ব দেখিয়েছেন যেসব কিংবদন্তি, তাঁদের শীর্ষ পাঁচজনকে নিয়ে এই প্রতিবেদন।
এই তালিকার শীর্ষে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার শন পোলক। ১৯৯৬ থেকে ২০০৮ সালের ক্যারিয়ারে ৩০৩টি ওয়ানডে খেলে ২৯৭ ইনিংসে হাত ঘুরিয়েছেন তিনি। ২ হাজার ৬১৮.৪ ওভারে (১৫,৭১২টি বল) ৩.৬৭ ইকোনমি ও ২৪.৫০ গড়ে ৯,৬৩১ রান দিয়ে ৩৯৩টি উইকেট শিকার করেন তিনি। প্রায় প্রতি আট ওভারে একটি করে রানবিহীন ওভার করা পোলকের নামের পাশে রয়েছে সর্বোচ্চ ৩১৩টি মেডেন ওভার।
দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। ২৫০টি আন্তর্জাতিক ওয়ানডেতে ২ হাজার ১৬১.৪ ওভার (১২,৯৭০টি বল) বোলিং করে ২৭৯টি মেডেন নিয়েছেন তিনি, যা পোলকের চেয়ে ৩৪টি কম। তবে মোট বোলিং করা ওভারের অনুপাতে তাঁর মেডেন নেওয়ার হার সবচেয়ে বেশি, যা প্রায় ১৩ শতাংশ। তাঁর ঝুলিতে রয়েছে ৩৮১টি উইকেট; রান দিয়েছেন ৮,৩৯১ এবং বোলিং গড় ২২.০২ ও ইকোনমি ৩.৮৮।
ম্যাকগ্রার সমান ২৭৯টি মেডেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার চামিন্দা ভাস। ১৯৯৪ থেকে ২০০৮ পর্যন্ত ৩২২টি ম্যাচ খেলা ভাস ৩২০টি ইনিংসে বোলিং করেন। মোট ২,৬২৯.১ ওভারে (১৫,৭৭৫টি বল) ৪.১৮ ইকোনমি ও ২৭.৫৩ গড়ে ১১,০১৪ রান খরচ করে তিনি সংগ্রহ করেন ৪০০টি উইকেট।
তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেস গ্রেট ওয়াসিম আকরাম। ১৯৮৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৩৫৬টি ওয়ানডে ম্যাচে ৩৫১ ইনিংসে বল করে তিনি ২৩৭টি মেডেন ওভার দেন। মোট ৩,০৩১ ওভারে (১৮,১৮৬ বল) ১১,৮১২ রান দিয়ে আকরাম শিকার করেন ৫০২টি উইকেট, যা এই সংস্করণে এখনো পর্যন্ত সর্বোচ্চ। তাঁর বোলিং গড় ২৩.৫২ এবং ইকোনমি ৩.৮৯।
তালিকার পঞ্চম নামটি ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও অলরাউন্ডার কপিল দেবের। ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ২২৫টি ওয়ানডে খেলে ২২১টি ইনিংসে হাত ঘুরিয়ে ২৩৫টি মেডেন ওভার উপহার দেন তিনি। ১,৮৬৭ ওভারে (১১,২০২টি বল) ৩.৭১ ইকোনমি এবং ২৭.৪৫ গড়ে ৬,৯৪৫ রান খরচায় কপিল নেন ২৫৩টি উইকেট।