পবিত্র কাবাঘর তাওয়াফের সময় দরজার ডান পাশে শাজারওয়ানের ওপর সারিবদ্ধ হলুদাভ বাদামি রঙের আটটি পাথরের খণ্ড চোখে পড়ে। আরবিতে ‘মারমার’ এবং সাধারণভাবে মার্বেল বা অ্যালাবাস্টার নামে পরিচিত এই পাথরগুলো ‘মেরি স্টোন’ হিসেবেও খ্যাত। সৌদি আরবের হারামাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, আট শতাধিক বছরের পুরোনো এবং বিশ্বের অন্যতম বিরল এই পাথরগুলোর সর্ববৃহৎ খণ্ডটি দৈর্ঘ্য প্রায় ৩৩ সেন্টিমিটার ও প্রস্থে ২১ সেন্টিমিটার। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও প্রায় ৮০৭ বছরের প্রাচীন এই প্রত্নস্মারকগুলো জড়িয়ে আছে নামাজের সময় নির্ধারণ ও ধর্মীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতির সঙ্গে।
পাথরগুলো অতীতে তাওয়াফ চত্বরের মেঝের চেয়ে নিচু একটি খাঁজে রাখা ছিল, যা ‘আল-মাজান’ বা খামির তৈরির স্থান নামে পরিচিত। মক্কার ইতিহাসের গবেষক মানসুর আদ-দাআজানির তথ্যানুসারে, খাঁজটির দৈর্ঘ্য প্রায় দুই মিটার, প্রস্থ ১১২ সেন্টিমিটার এবং গভীরতা ২৮ সেন্টিমিটারের মতো ছিল, যেখানে কেবল একজন মানুষ দাঁড়াতে পারতেন। উসমানিয়া ইতিহাসবিদ আইয়ুব সাবরি পাশার ‘মিরআতুল হারামাইন’ গ্রন্থে উল্লিখিত তথ্য অনুযায়ী, কাবা নির্মাণের সময় হজরত ইব্রাহিম (আ.) এখানে কাদা মেখেছিলেন বলে ধারণা রয়েছে। পরবর্তীতে এই স্থানেই হজরত জিবরাইল (আ.) বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে দুই দিন পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করিয়ে ওয়াক্তের শুরু ও শেষ সীমা শিক্ষা দেন (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৯৩)। সপ্তম হিজরির বিশিষ্ট আলেম বিচারক ইজ্জ ইবনে আবদুস সালামও স্থানটিকে ‘মাজান’ হিসেবে নিশ্চিত করেছেন। এছাড়া উম্মে নাহশালের বন্যার পর খলিফা উমর (রা.) যথাস্থানে সরিয়ে নেওয়ার আগপর্যন্ত মাকামে ইবরাহিমও সাময়িকভাবে এই খাঁজে সংরক্ষিত ছিল।
হারামাইন গবেষক মুহিউদ্দিন আল-হাশিমির তথ্যমতে, ৬৩১ হিজরিতে (১২৩৩–৩৪ খ্রিষ্টাব্দ) মাতাফ সংস্কারের সময় আব্বাসি খলিফা আল-মুস্তানসির বিল্লাহ (শাসনকাল ৬২৩–৬৪০ হি., যাঁর উপনাম আবু জাফর ও উপাধি আল-মানসুর) এই পাথরগুলো উপহার হিসেবে দেন। তবে ১২১৩ হিজরিতে (১৭৯৮–৯৯ খ্রি.) এই বহুমূল্য পাথরগুলো চুরি হয়ে যায়। দীর্ঘ ১৬৪ বছর ধরে নিখোঁজ থাকার পর এক ব্যক্তির মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত জিনিসপত্রের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়। অবশেষে জটিল ঐতিহাসিক ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে ১৩৭৭ হিজরিতে (১৯৫৭–৫৮ খ্রিষ্টাব্দ) পাথরগুলো আবার কাবার চত্বরে ফেরত আসে। ঐ বছরই সৌদি আমলের প্রথম সম্প্রসারণকালে অতিরিক্ত ভিড় সামলানো ও তাওয়াফকারীদের নিরাপত্তার স্বার্থে খাঁজটি ভরাট করে ফেলা হয় এবং পাথরগুলো শাজারওয়ানে স্থানান্তর করা হয়। এরপর ১৪১৭ হিজরিতে (১৯৯৬–৯৭ খ্রি.) মার্বেল পরিবর্তনের সময়ও প্রাচীন এই পাথরগুলো সযত্নে একই স্থানে পুনঃস্থাপন করা হয়।