টানাপোড়েন, অবিশ্বাস আর মানসিক ক্ষতের গল্প পেরিয়ে ভালোবাসার আবহে রূপ নিয়েছে পাকিস্তানি নাটক ‘দার–ই–নিজাত’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শেহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিমের অনবদ্য রসায়ন ভক্তদের দারুণভাবে আকৃষ্ট করছে। অন্তর্জালে রীতিমতো ছড়িয়ে পড়েছে দুজনের নানারকম ভালোবাসাময় মুহূর্তের ভিডিওচিত্র।
গত ৬ নভেম্বর প্রচারিত নাটকটির ২৮তম পর্বে আবু বকর ও জারিয়াবকে একসঙ্গে রাতের খাবার উপভোগ করতে দেখা যায়। সেখানে তাদের খুনসুটি আর খুনসুটিমাখা আলাপচারিতা দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে দুজনের এক বাটি নুডলস খাওয়ার রোমান্টিক দৃশ্যটি, যা মুহূর্তেই নজর কেড়েছে সবার।
নাটকে আবু বকরের ভূমিকায় রয়েছেন শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াব চরিত্রে রূপদান করেছেন দুরেফিশান সেলিম। দুজনের শুরুর অধ্যায় মসৃণ ছিল না। অতীতে নামির নওয়াজ খান অভিনীত জামিল চরিত্রের বিশ্বাসঘাতকতায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জারিয়াব। সেই ক্ষত কাটিয়ে আবু বকর গভীর মমতা, ধৈর্য ও সম্মান দিয়ে জারিয়াবের জীবনে আস্থার স্থান গড়ে তোলে। এই রূপান্তর দর্শকদের কাছে শুধু প্রেম নয়, জারিয়াবের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রতীক হয়ে উঠেছে।
এ ছাড়া জারিয়াবকে নিয়ে আবু বকরের কেনাকাটার প্রস্তাব দেওয়ার দৃশ্যটিও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে, যা দেখে অনেকের ধারণা হয়েছে স্ত্রীর সান্নিধ্য পেতেই এই আয়োজন। অনুরাগী মহল এই জুটির নাম দিয়েছে ‘আবজার’। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তাঁদের নানা দৃশ্য সম্পাদনা করে তৈরি ক্লিপ এখন ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে। প্রতিবেদনটি ডেইলি পাকিস্তান অবলম্বনে তৈরি।