নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিন পূর্বানুমতি ছাড়া যেসব শিক্ষক ক্লাস নেননি, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা তলব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। আজ বুধবার বিকেল চারটার (১১ নভেম্বর) মধ্যে এ তথ্য রেজিস্ট্রারের দপ্তরে পাঠাতে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক পাঠদান কার্যক্রম থেকে বিরত ছিলেন বলে কর্তৃপক্ষের নজরে এসেছে। তাই অনুমতি ছাড়া কোন কোন শিক্ষক ওই দিন ক্লাসে উপস্থিত হননি, তাঁদের নাম-পরিচয় নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠানোর জন্য ডিন ও পরিচালকদের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় রদ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো আট দফা দাবিতে ১০ নভেম্বর দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন, অফিস ও দোকানপাট বন্ধের ডাক দিয়ে সর্বাত্মক ধর্মঘটের ঘোষণা দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এই কর্মসূচির কারণে ঢাবির কয়েকজন শিক্ষক ক্লাসে অংশ নেননি বলে অভিযোগ ওঠে।
এদিকে গতকাল মঙ্গলবার দুপুর দুইটার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলাভবন সংলগ্ন শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে ঘটা এসব বিস্ফোরণে সোহেল (৩৬) নামের এক প্রাইভেটকার চালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ ঘটনায় একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও টিএসসিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দুদিন ককটেল বিস্ফোরণ হয়েছিল।