এইচএসসির সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার পথ সুগম করতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্মূল্যায়নের দাবি তুলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। সেই সঙ্গে ভবিষ্যতে এ জাতীয় সঙ্কট এড়াতে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য দ্রুত সমন্বিত সম্পূরক পরীক্ষা নীতিমালা প্রণয়নেরও জোর দাবি জানান তিনি। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন করপোরেশন ভবনে শিক্ষা বিষয়ক বেসরকারি সংগঠনগুলোর মোর্চা গণসাক্ষরতা অভিযানের এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক হিসেবে তিনি এসব বক্তব্য তুলে ধরেন।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা যায়, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। বিপরীতে কেবল এক বা দুটি বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, সর্বোচ্চ দুই বিষয়ে অনুত্তীর্ণ এই শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা গ্রহণ করা হবে, যাতে তারা আসন্ন শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পেতে পারেন।
এরই মধ্যে গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) উপাচার্য ও তাঁদের প্রতিনিধিদের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী জানুয়ারি থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের আবেদন গ্রহণ শুরু হবে এবং ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে তাদের পূর্বনির্ধারিত ভর্তি কার্যক্রমই বহাল রাখার সিদ্ধান্ত হয়। ফলে চলতি নভেম্বর মাসেই আবেদন প্রক্রিয়া সমাপ্ত হতে যাওয়ায় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণদের পক্ষে ঢাবিতে অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়ছে। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চলতি নভেম্বরে আবেদন শেষ হচ্ছে এবং বুয়েট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এ মাসেই আবেদন নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর।
এমন পরিস্থিতির প্রেক্ষাপটে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাশেদা কে চৌধূরী বলেন, তিনি প্রত্যাশা করেছিলেন ঢাবিসহ অন্য বিশ্ববিদ্যালয়গুলো সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এই শিক্ষার্থীরাও দেশের সন্তান উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, তাদের সুযোগ করে দিতে কোথায় বাধা? বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক স্বাধীনতায় আস্থা প্রকাশ করেও তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানাব, তারা যেন এটা (সময়সূচি) পুনর্বিবেচনা করে। এতে খুব বেশি অসুবিধাও হয়ে যাবে না।’
অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে তিন দফা লিখিত প্রস্তাব তুলে ধরেন সংগঠনের কার্যক্রম কর্মকর্তা মো. সিজুল ইসলাম। প্রস্তাবনায় বলা হয়, এসএসসি ও এইচএসসি পর্যায়ে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ তৈরি করতে দ্রুত একটি সমন্বিত নীতিমালা প্রস্তুত ও প্রকাশ করতে হবে। এতে কতটি বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে, আবেদনের সময়, পরীক্ষার তারিখ, ফি, খাতা মূল্যায়ন, ফলাফল প্রকাশ এবং পরবর্তী ধাপে (একাদশ শ্রেণিতে বা উচ্চশিক্ষায়) ভর্তির স্পষ্ট দিকনির্দেশনা থাকতে হবে। এ ছাড়া সম্পূরক পরীক্ষায়ও যারা অকৃতকার্য বা ঝরে পড়বে তাদের জন্য বিশেষ সমন্বিত কর্মসূচি গ্রহণ এবং শতভাগ পাস ও শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলো নিয়ে গবেষণা ও পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আকমল হোসেন এবং নটর ডেম কলেজের উপদেষ্টা জ্যোতি এফ গোমেজ।