মহান মুক্তিযুদ্ধের বিজয়ের চেতনাকে ধারণ করে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে প্রথমা প্রকাশনের ‘বিজয় বইমেলা ২০২৬’। আসরের দ্বিতীয় দিন শনিবারেও পাঠকদের স্বতঃস্ফূর্ত পদচারণে মুখর হয়ে ওঠে পুরো চত্বর। বই দেখা ও কেনার পাশাপাশি এদিন আয়োজিত হয় আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা।
এদিনের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘নির্বাচিত বেগম: অর্ধশতাব্দীর সমাজচিত্র ১৯৪৭–২০০০’ শীর্ষক তিন খণ্ডের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। এতে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন লেখক ও গবেষক সৈয়দ আজিজুল হক, লেখক ও গবেষক মোরশেদ শফিউল হাসান এবং প্রথমা প্রকাশনের মেরিনা ইয়াসমিন। এ ছাড়া দ্বিতীয় দিনের বিশেষ পর্বে বক্তব্য তুলে ধরেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
মেলায় উৎসবমুখর আবহ এনে দেয় সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন শিল্পী সোমনূর মনির কোনাল। বিভিন্ন বয়সী পাঠকেরা স্টলে ঘুরে ঘুরে বই নির্বাচন করেন, পছন্দের বই সংগ্রহ করে আনন্দ প্রকাশ করেন এবং স্মৃতি হিসেবে ফ্রেমবন্দী হন। সন্ধ্যার আলোয় ঝলমলে প্রথমা প্রকাশনের স্টলগুলোতে শেষ পর্যন্ত বইপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের ভিড় বজায় ছিল।