জার্মানির পাঁচ হাজার ৭০০ রেলস্টেশনে নিষিদ্ধ হলো মদ্যপান
রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ
জার্মানি জুড়ে প্রায় ৫ হাজার ৭০০টি রেলস্টেশনে মদ্যপান পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই নিয়মের ফলে দেশটির সব রেলস্টেশনের প্ল্যাটফর্ম এখন থেকে অ্যালকোহলমুক্ত এলাকা হিসেবে বিবেচিত হবে। এর ফলে বুন্দেসলিগার ফুটবল ম্যাচ দেখতে ট্রেনে দল বেঁধে যাওয়ার পথে মদপানে অভ্যস্ত সমর্থকদের সমস্যায় পড়তে হবে।
রেলস্টেশনগুলোতে মদ সংক্রান্ত অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা রোধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত সাম্প্রতিক দুটি গুরুতর ঘটনার পর স্টেশনগুলোকে অ্যালকোহলমুক্ত করার দাবি জোরালো হয়ে ওঠে। এর একটিতে রাষ্ট্রীয় রেল সংস্থা ডয়চে বানের এক নিরাপত্তা কর্মী মদ্যপ যাত্রীর টিকিট পরীক্ষা করতে গিয়ে আক্রান্ত হন এবং দুজনের ধস্তাধস্তিতে ট্রেনের দরজা খুলে যাওয়ায় নিচে পড়ে গুরুতর আহত হন। এছাড়া চলতি বছরের শুরুর দিকে বৈধ টিকিট না থাকা এক ব্যক্তির হামলায় এক ট্রেন কন্ডাক্টর প্রাণ হারান।
নতুন এই নিয়ম জারি হলেও রেলস্টেশনের ভেতরে থাকা রেস্তোরাঁ, পাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে মদ পরিবেশন করা যাবে। পাশাপাশি দূরপাল্লার ট্রেনের অভ্যন্তরে থাকা ক্যাফে বা বিস্ত্রোতে আগের নিয়মেই বিয়ারসহ অন্যান্য পানীয় সরবরাহ চালু থাকবে। ডয়চে বান এক বিবৃতিতে উল্লেখ করেছে, অপেক্ষমাণ যাত্রীদের জন্য পরিবেশ নিরাপদ, পরিষ্কার এবং আরও আরামদায়ক করার লক্ষ্যেই এটি বাস্তবায়ন করা হলো। বার্লিন, মিউনিখ, হামবুর্গ ও কোলনের মতো বড় স্টেশনসহ জার্মানির প্রায় ৪০টি স্টেশনে পরীক্ষামূলকভাবে নিয়মটি চালু করে আবর্জনা হ্রাস ও পরিবেশ শান্ত থাকার মতো ইতিবাচক ফল পাওয়া গিয়েছিল।
তবে গৃহহীনদের সহায়তাকারী একটি সংস্থা রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধের এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে। চরম আবহাওয়ায় মদ্যপানে আসক্ত অনেক বাস্তুহারা মানুষের কাছে রেলস্টেশনগুলো নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে। সংগঠনটির এক মুখপাত্র জার্মান সংবাদপত্র ‘রাইনিশে পোস্ট’-কে জানান, স্টেশন এলাকা থেকে সরিয়ে দিলে সমাজকর্মীদের পক্ষে গৃহহীনদের খুঁজে পাওয়া এবং তাদের সহায়তা করা আরও বেশি কঠিন হয়ে পড়বে বলে তারা উদ্বিগ্ন।








আপনার মতামত লিখুন